সোমবার থেকে ই-রিটার্ন দাখিল

৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:০৩  

ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৪-২০২৫ কর বছরের অনলাইন রিটার্ন দাখিলের জন্য অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম আপডেট করা হয়েছে। gfv আগামী ৯ সেপ্টেম্বর (সোমবার) থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত করা হবে।

রোববার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিচালক (জনসংযোগ) সৈয়দ মু’মেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এনবিআর সূত্রে প্রকাশ, করদাতাবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কর ব্যবস্থাপনা গড়তে জাতীয় রাজস্ব বোর্ড বদ্ধপরিকর। এই লক্ষ্যে আয়কর আইন-২০২৩ এবং অর্থ আইন-২০২৪ এর আলোকে ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৪-২০২৫ কর বছরের অনলাইন রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেমের আপগ্রেডেশনের কাজ সম্পন্ন হয়েছে।

সোমবার অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত করা হবে। ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা নিজের রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট নিতে পারবেন।

এ ছাড়া অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে কর পরিশোধ, রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন সনদ প্রাপ্তি, পূর্ববর্তী কর বছরের দাখিলকৃত ই-রিটার্নের কপি, রিটার্ন দাখিলের প্রমাণ প্রিন্ট বা ডাউনলোডের সুবিধা পাওয়া যাবে।

এই সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন ও করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নম্বর প্রয়োজন হবে।

প্রসঙ্গত, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২১ সালে এই সিস্টেম চালু করার পর ২০২১-২২ কর বছরে ৬১ হাজার ৪৯১ জন, ২০২২-২৩ কর বছরে ২ লাখ ৪৪ হাজার ৪৮১ জন ও ২০২৩-২৪ কর বছরে ৫ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেন।

ব্যক্তিশ্রেণির করদাতারা সোমবার থেকে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে নিজের তথ্য উপস্থাপনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ২০২৪-২৫ কর বছরের ই-রিটার্ন দাখিল করতে পারবেন।